Mufti Masud
ভালোবাসি আমি যারে
………………………………………………………..
বহুকাল ধরে খুঁজেছি যারে পেয়েছি তারে আজ,
মনের কথা কহিতে আমার হয় যে তবুও লাজ!
ভাবে যদি সে প্রেমিকের বেশে নয়তো কোন ছল!
ভালোবাসাবাসি কাছে আসাআসি দেহতত্ত্বের ফল!
এত ভিড় মাঝে দিবসের সাঝে কি করে বলিব তারে
কথা যত কই উতলা যে হই প্রেম শুধুই বাড়ে।
ফেরারী এ মন হয় উচাটন রাখিনু তারে বাঁধি
মনেরে বলি, ওরে ফুলকলি প্রেম কিরে হয় সাধি?
কন্ঠ যে তার যাদুর পাহাড় হারিয়ে যাই গো সেথা
কথা যত কই পুলকিত হই বিদূরিত হয় ব্যথা।
জারুলের শাখে যে পাখিটি থাকে শুধানু আমি তারে,
বল দেখি ভাই কি করে বুঝাই ভালোবাসি আমি যারে?
ওরে টিয়াপাখি দিসনা রে ফাঁকি একবার বল মোরে
তুইও কি আমায় ভেবে দেখিসনি বিষাদ-শয়ন-ঘোরে?
মহুয়ার ফুলে ভোমরেরা দোলে মাতালের সমীরণে,
এমনি ক্ষণে মনেরও বনে কথা কই তোর সনে।
চঞ্চল রথে কন্টক পথে ছুট দিচ্ছিস তুই,
পারাবার তীরে পাখিদের ভিড়ে তোরেই আমি ছুঁই।
আমারও ছোঁয়ায় হয়তো হৃদয় উছলে ওঠে না তোর,
তোর ছোঁয়াতেই নিকষ রজনী হয় যে আমার ভোর।
বুকে নিয়ে জ্বালা বকুলের মালা আধেক বুনেছি আজি,
দিই যদি তোরে স্বপনেরও ঘোরে হবি কি তাতে রাজি?
পরবি কি গলে ভুলেরই ছলে বকুলের মালাখানি,
তোর সনে মোর প্রেমের কাহন হোক না জানাজানি।
বলবে সবাই একি প্রেম ভাই কি মধুয়াল জুটি,
ঝড় যা-ই আসুক নিন্দুকে হাসুক দিস নে বাঁধন টুটি!
ওরে বনলতা ছেড়ে সব তথা হবি কি মোরির সখা,
হৃদ-মাঝারে ফুলবাসরে হবে কি মোদের দেখা?